২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে গৃহবধূকে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

গোপালগঞ্জ শহরতলীর একটি গ্রামে এক গৃহবধূকে হত্যা করে প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে ডাকাতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 04:39 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

গোপালগঞ্জ, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ শহরতলীর একটি গ্রামে এক গৃহবধূকে হত্যা করে প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে ডাকাতরা। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার পর ঘোষেরচর গ্রামের হেমাঙ্গন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুলতানা পারভীন রেখা (৪১) ঘোষেরচর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা অনারারি ক্যাপ্টেন আকবর আলী মোল্লার স্ত্রী। গৃহকর্তা আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যায় মাগরিব নামাজ পড়তে বাড়ির পাশের মসজিদে যাই আমি। এ সুযোগে একদল ডাকাত ঘরে ঢুকে ওড়না দিয়ে আমার স্ত্রী রেখার গলায় ফাঁস দিয়ে হত্যা করে লাশ বাথরুমের মধ্যে রেখে দেয়। এ সময় ঘরে আর কেউ ছিলো না।" তিনি জানান, ডাকাতরা স্বর্ণের চেইন, হাতের চুড়ি, কানের দুল ও তিনটি মোবাইল সেট লুট করেছে। ঘরের অন্য কোনো মালামাল বা টাকা পয়সা খোয়া যায়নি। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সরদার রোকনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদকাসক্তরা ঘরে ঢুকে তাকে হত্যা করে তার পরনের স্বর্ণালঙ্কার ও মোবাইল ছিনিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১০৩০ ঘ.