চট্টগ্রাম, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কন্টেইনারে করে দুই বন্দর শ্রমিকের সিঙ্গাপুর যাওয়ার ঘটনা চট্টগ্রাম বন্দরের জন্য সুনাম বয়ে আনেনি বলে মন্তব্য করেছেন এর চেয়ারম্যান কমোডর এম আনোয়ারুল ইসলাম।
তিনি রোববার সন্ধ্যায় নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে বন্দর রেস্ট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
কার্গো কনটেইনারে নয়দিন আটকে থাকার পর চট্টগ্রাম বন্দরের শ্রমিক দীন ইসলামকে গত ১০ এপ্রিল সিঙ্গাপুরের একটি বন্দরে জীবিত উদ্ধার করা হয়।
এই নয়দিন তিনি খাবার ও পানি ছাড়াই কনটেইনারের ভেতরে ছিলেন। অবশ্য তার সঙ্গী অপর শ্রমিক আল আমীনের মৃত্যু হয়। তার লাশ সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
এ সম্পর্কে বন্দর চেয়ারম্যান বলেন, "চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দুই ব্যক্তি কন্টেইনারে করে সিঙ্গাপুর গেছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনা কীভাবে ঘটলো তা তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বেঁেচ যাওয়া ব্যক্তির বক্তব্য সঠিকভাবে পাওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।"
তিনি জানান, এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত বলা হবে।
অপর এক প্রশ্নের জবাবে কমোডর আনোয়ারুল ইসলাম জানান, তদন্ত কমিটির সদস্যরা জীবিত উদ্ধার হওয়া ব্যক্তির (দীন ইসলাম) সঙ্গে রোববার যোগাযোগ করতে পেরেছে।
কনটেইনারে মারা যাওয়া শ্রমিকের লাশ ও জীবিত শ্রমিক দীন ইসলামকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে নৌমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে মৃত শ্রমিকের লাশ ও জীবিত উদ্ধার হওয়া শ্রমিককে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, কন্টেইনারে আটকে পড়ে মারা যাওয়া আল আমীনের পরিবারের সদস্যদের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোববার দুপুরে যোগাযোগ করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার ছোট ভাই মো. আলমগীর ওঝা।
আল আমীন ওঝা (৪০) চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকার এস আর বিল বস্তিতে ছোট ভাই ও বৃদ্ধা মাকে নিয়ে বাস করতো।
আর দীন ইসলামের বাসা নগরীর খুলশী থানাধীন কর্নেল হাট বিশ্বকলোনির আট নম্বর ব্লকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২৩৩ ঘ.
bdnews24