বাগেরহাট, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের চিতলমারী উপজেলায় নির্বাচনোত্তর সহিংসতায় দুই পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ সাত জনকে আটক করেছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার বড়বাড়িয়া বাজারে এ সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
আহতদের খুলনা মোডিকেল কলেজ হাসপাতাল, চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ সদর হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বড়বাড়িয়া ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান অহিদুজ্জামান পান্না ও পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী মমতাজ আলা খসরু আহম্মদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহত জাফর শেখ (৩০) ও সবুজ শেখ (৪৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৭টার দিকে বড়বাড়িয়া বাজারে পান্না ও খসরু আহম্মদের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দু'ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে দু'পক্ষের কয়েকশ' সমর্থক ঢাল, সড়কিসহ বিভিন্ন দেশি অস্ত্রশস্ত্র ব্যবহার করে।
এ সময় চিতলমারী শৈলদহ সড়কে একটি যাত্রীবাহী বাস ভাংচুরর করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ৮টার দিকে বড়বাড়িয়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গেলে দু'পক্ষই তাদের উপর হামলা চালায়। এতে পুলিশের দুই সদস্য আহত হন।
পরে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান চিতলমারী থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে এক রাউণ্ড ফাঁকা গুলি ছুড়ে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ এবং আটকে পড়া পুলিশদের উদ্ধার করেন।
চিতলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস রোববার সকালে ২৭ জনের নামোল্লেখসহ অজ্ঞাত এক থেকে দেড়শ' জনকে আসামি করে চিতলমারী থানায় একটি মামলা করেছেন।
এসআই আব্দুল কুদ্দুস বলেন, সংঘর্ষে ইটের আঘাতে বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের নায়েক চান্দু মিয়া (৪২) ও পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলাম (৪০) আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট পঙ্কজ কুমার রায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
শনিবার রাত থেকে অভিযান চালিয়ে মামলার সাত আসামিকে আটক করা হয়েছে।
এরা হলেন- আরিফ শেখ (২৪), সদর শিকদার (৩০), ইব্রাহিম চৌধুরী (৩০), জামাল শেখ (৩৮), আব্দুল হালিম মোল্লা (৩১), হাফিজুর রহমান (২৬) ও নজরুল ইসলাম শেখ (২০)।
এরমধ্যে প্রথম চারজন খসরুর এবং পরের তিনজন পান্নার সমর্থক বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
এদের সবার বাড়ি বড়বাড়িয়া ও ঘোনা গ্রামে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান আব্দুল কুদ্দুস।
গত ৩০ মার্চ বড়বাড়িয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২৪ ঘ.
bdnews24