চট্টগ্রাম, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই প্রধানকে চট্টগ্রাম কারাগার ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে সিআইডি।
চট্টগ্রাম মহানগর হাকিম এইচএম ফজলুল বারী রোববার দুপুরে এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
এনএসআই'র এই সাবেক দুই প্রধান হলেন- অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী।
দু'জনই বর্তমানে এ মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্তের স্বার্থে সাবেক এই দুই গোয়েন্দা কর্মকর্তাকে জেল গেটে জিজ্ঞাসাবদের আবেদন করা হয়। কয়েকদিনের মধ্যে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
ইতোপূর্বে এদেরকে এ মামলায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
গত ১২ এপ্রিল তদন্ত কর্মকর্তা তাদেরকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। কয়েকদিন আগে ডিজিএফআই'র সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাদিক হাসান রুমি এই মামলার সাক্ষী হিসেবে আদালতে নয় পৃষ্ঠার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এইচএ/১৯৪৪ ঘ.
bdnews24