ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে এক নারী পোশাক শ্রমিককে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার দুপুরে পল্লবীর ৮ নম্বর সড়কের ২ নম্বর বাড়ি থেকে সালমা আক্তারের (২৬) লাশ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তিনি পল্লবীর মনোয়ারা ফ্যাশনের শ্রমিক।
নিহতের বোনের ছেলে মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে সালমার স্বামী শফিকুল তার গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মতিয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড। গলায় কাপড় পেঁচিয়ে সালমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৮১১ ঘ.
bdnews24