সাভার, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে এক হাজার টাকার ১৪টি জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
তার নাম কামরুল হাসান (৩৮)। গাড়িচালক হাসান মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকার সোলাইমান খানের পুত্র।
এনসিসি ব্যাংক সাভার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যাংকের গ্রাহক কামরুল হাসান রোববার বিকাল ৩টার দিকে ব্যাংকে এসে তার হিসাব নম্বরে এক হাজার টাকার ১৫টি নোটে ১৫ হাজার টাকা জমা দেন।
নোটগুলো দেখে ক্যাশকাউন্টারে দায়িত্বরত কর্মকর্তার সন্দেহ হলে তিনি সেগুলো ব্যবস্থাপকের কাছে নিয়ে যান। পরীক্ষা করে দেখা যায় ১৫টি নোটের মধ্যে ১৪টি জাল। এই জাল নোটগুলোর নম্বরও একই।
ব্যাংক ব্যবস্থাপক বলেন, "বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে কামরুলকে গ্রেপ্তার করে।"
সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জোনাব আলী ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭৫৩ ঘ.
bdnews24