ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের মতো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদও সংসদীয় কমিটিতে হাজির হতে অপারগতা প্রকাশ করেছেন।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত একটি সংসদীয় উপকমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও সেনা সদস্যদের ২০০৭ সালের সংঘর্ষ বিষয়ে বক্তব্য নিয়ে ১৮ এপ্রিল কমিটির বৈঠকে হাজির হতে দুজনকে বলেছিলো।
কার্যত ওই সরকার চালানো মইন আহমেদ অসুস্থতার কারণ দেখিয়ে গত ১৩ এপ্রিল তার অপরাগতার কথা জানান।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত ফখরুদ্দীনও উপস্থিত হতে পারবেন না জানিয়ে একটি ইমেইল পাঠিয়েছেন।
সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি যুক্তরাষ্ট্র থেকে একটি ইমেইল পাঠিয়েছেন। জানিয়েছেন, তিনি উপস্থিত হতে পারছেন না।"
দুজন উপস্থিত হতে অপারগতা জানানোয় সংসদীয় কমিটির পরর্বর্তী পদক্ষেপ কী হবে- জানতে চাইলে মেনন বলেন, "কাল আমাদের বৈঠক রয়েছে। সেখানেই আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।"
সংঘর্ষের ঘটনা তদন্তে গত বছরের অগাস্ট মাসে এ উপ-কমিটি গঠন করা হয়।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ এর অগাস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে সেনা সদস্য ও ছাত্রদের সংঘর্ষের পর সারাদেশে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ে।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষকসহ অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। শত শত শিক্ষার্থী সেদিন সেনা সদস্যের নির্যাতনের শিকার হয়েছিলেন। পাশাপাশি অনেককে করা হয় গ্রেপ্তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৪২৯ ঘ.
bdnews24