২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেস্তোরাঁ উদ্বোধন অনুষ্ঠানে হামলা, আহত ১০

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি চাইনিজ রেস্তোরাঁ উদ্বোধন অনুষ্ঠানে দুর্বৃত্তের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। হামলাকারীরা ব্যাপক ভাংচুরও চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 05:28 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি চাইনিজ রেস্তোরাঁ উদ্বোধন অনুষ্ঠানে দুর্বৃত্তের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। হামলাকারীরা ব্যাপক ভাংচুরও চালায়। শনিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় হাজী এ আর রহমান মার্কেটে 'অগ্রণী চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টার'-এ হামলা হয়। আহতদের মধ্যে রয়েছেন- রেস্তোরাঁর মালিক এরশাদুল আহমেদ, মাওলানা মাহামুদুর রহমান, প্রতিষ্ঠানের কর্মচারী কামাল হোসেন, ইকবাল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবদুল বারেক ও শাওন আহমেদ। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে এরশাদুল আহমেদকে রাজধানীর বারডেম হাসপাতালে পাঠানো হয়েঠে। অন্যদের সিদ্ধিরগঞ্জের মা ও শুভেচ্ছা ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অগ্রণী চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাতকে প্রধান অতিথি এবং বিএনপি নেতা সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ কয়েকজনকে অতিথি করা হয়। অনুষ্ঠানস্থলে গিয়াস উদ্দিন উপস্থিত হওয়ার কিছুক্ষণ পরই একদল সন্ত্রাসী লাঠিসোটা ও হকিস্টিক নিয়ে হামলা চালায়। তারা প্রতিষ্ঠানটির চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্রের ব্যাপক ভাংচুর করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা গিয়াসউদ্দিনকে ধাওয়া করলে তার সংগে থাকা লোকজন তাকে অনুষ্ঠানস্থলের বাইরে নিয়ে আসেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে রেস্তোরাঁ মালিক এরশাদুল আহমেদ বলেন, কী কারণে লাঠিসোটা নিয়ে এ হামলা চালিয়েছে তা বোঝা যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১০ ঘ.