২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তীব্র ঝড়ো হাওয়ায় ধুলোময় ঢাকা

বৈশাখের তৃতীয় দিনে রাজধানীতে তীব্র ঝড়ো হাওয়া বয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশাখের তৃতীয় দিনে রাজধানীতে তীব্র ঝড়ো হাওয়া বয়ে গেছে। শনিবার রাত পৌনে ৮টার দিকে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় পুরো শহর ধুলোময় হয়ে ওঠে। গুরুত্বপূর্ণ সড়কে যানজট সৃষ্টি হয়। ঘরে ফেরা মানুষ পড়ে দুর্ভোগে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত পূর্বাভাস কর্মকর্তা শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈশাখে দিন শেষে এমন আবহাওয়া বিরাজ করা স্বাভাবিক। শনিবার রাত পৌনে ৮টায় ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে এ অস্থায়ী দমকা হাওয়া শুরু হয়। পরে তা ধীরে ধীরে বেড়েছে। সোয়া ৮টার দিকে বৃষ্টি ও দমকা হাওয়ার বেগও কমে আসে। রাজধানীসহ দেশে অনেক এলাকায় অস্থায়ী দমকাসহ বৃষ্টি হয়েছে বলে জানান এই কর্মকর্তা। নববর্ষের প্রথম দিন রাত বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় রাজধানীতে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্র-বৃষ্টি হয়। চৈত্রের খরতাপের পর বৈশাখের প্রথম দিনেই বৃষ্টিতে ভিজেছে উত্তরের কয়েকটি জেলা। নীলফামারী ভূরুঙ্গামারীতে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়। কালবৈশাখী জড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার দুই শতাধিক ঘর। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকাও সিলেট বিভাগসহ যশোর, কুষ্টিয়া ও কুমিল্লা অঞ্চলের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। অন্য স্থানগুলোতে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুকনো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। চলতি এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ সময়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঝড় ও তাপপ্রবাহের পূর্বাভাসে জানানো হয়, দেশের উত্তর, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ৪-৬ দিন বজ্রসহ মাঝারি/তীব্র কালবৈশাখী/বজ্র-ঝড় ও দেশের অন্যত্র ৪-৫ দিন হালকা/মাঝারি কালবৈশাখী/বজ্রঝড় হতে পারে। এ ছাড়া দেশের উত্তর ও মধ্যাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি) এবং অন্য স্থানগুলোতে এক থেকে দুটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৩৭ ঘ.