২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ভোটে কঠোর নিরাপত্তায়ও বিক্ষিপ্ত সংঘর্ষ

কঠোর নিরাপত্তার মধ্যেও বিক্ষিপ্ত গোলযোগের মধ্য দিয়ে নোয়াখালী পৌরসভার ১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 05:01 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

আবু নাছের মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নোয়াখালী, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কঠোর নিরাপত্তার মধ্যেও বিক্ষিপ্ত গোলযোগের মধ্য দিয়ে নোয়াখালী পৌরসভার ১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। গত ১৮ জানুয়ারি নির্বাচনের সময় ব্যাপক গোলযোগ হয় নোয়াখালী পৌরসভায়। ব্যালট ছিনতাই, নির্বাচনী কর্মকর্তাদের মারধরসহ বিভিন্ন অনিয়ম ও সহিংসতার কারণে ২৫টি কেন্দ্রের ১৪টি পুনরায় নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। শনিবার সকাল ৮টায় ১৪টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, তা চলে বিকাল ৪টা পর্যন্ত। এ কেন্দ্রগুলোতে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৮১৯ জন। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘরে অধিকাংশ স্থানে ভোটার উপস্থিতি কম দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক। তবে প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিলো। ভোটারদের অনেকেই বলছেন, নিরাপত্তার বহর দেখে ভোটকেন্দ্রে যেতে অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন। সকাল ৯টার দিকে স্টেডিয়ামের পশ্চিম পাশের মাইজদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মারামারি বাঁধে। পুলিশ তা থামাতে গেলে পুলিশের সঙ্গেও সংঘর্ষ বেঁধে যায়। নোয়াখালীর সহকারী পুলিশ সুপার আফম নিজামউদ্দিন সাংবাদিকদের বলেন, "ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে।" সেখানে পুলিশের পিটুনিতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমন ভট্টসহ পাঁচ জন আহত হন। স্থানীয়রা জানায়, কেন্দ্র থেকে বিশৃঙ্খলাকারীদের হটিয়ে দেওয়ার পর পুলিশ আশপাশের এলাকায় তল্লাশি চালায়। ফলে কেন্দ্রে মানুষ যেতে অনাগ্রহী হয়ে পড়েছে। ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ভোট দিয়ে ফেরার পথে পুলিশ আচমকা পুলিশের হামলায় পড়েন। সকাল ১০টার দিকে ওই কেন্দ্রে গিয়ে তা প্রায় ভোটারশূন্য দেখা যায়। গুটিকয়েক ভোটারই তখন কেন্দ্রে ছিলো। দুপুরে জেলা শহরের টাউন হলের কাছে কিছু লোক জড়ো হলে সেখানে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পাঁচ জন আহত হয়। এছাড়া হাইজিং এলাকায় দুটি এবং লক্ষ্মীনারায়ণপুরে একটি হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এর সঙ্গে জড়িত কাউতে গ্রেপ্তার করা যায়নি। নোয়াখালী পৌরসভার অন্য কেন্দ্রগুলোতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বড় ধরনের কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে সাতটি কেন্দ্র ঘুরে পাঁচটি কেন্দ্রই ফাঁকা দেখা যায়। মহিলাদের দুটি কেন্দ্র জেলা শহরের আইন মহাবিদ্যালয় কেন্দ্র এবং সোনাপুরের ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোটগ্রহণের হার সন্তোষজনক বলে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছেন। আগের সহিংসতার কারণে এবার নিরাপত্তা ব্যবস্থা ছিলো জোরদার। লক্ষ্মীনারায়ণপুর এমএ রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী বিধি ভঙ্গের জন্য একজনকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রসহ আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কেন্দ্রভিত্তিক নির্বাহী ম্যজিস্ট্রেটদের পাশাপাশি চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাবের ৬০ জন এবং বিজিবি'র ৪০ জনের একটি স্টাইকিং ফোর্স ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত মাঠে ছিলেন। কুমিল্লা অঞ্চলের উপনির্বাচন কমিশনার আনোয়ারকে পুনর্নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া নোয়াখালী জেলা সদরের বাইরের বিভিন্ন উপজেলা এবং ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনীসহ বাইরের বিভিন্ন জেলা থেকে কমিশনের নিজস্ব ১৪ জন কর্মকর্তাকে ১৪টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সুপার হারুনুর রশীদ হাযারী জানান, প্রতি কেন্দ্রে এক জন কর্মকর্তার নেতৃত্বে ৩১ জন পুলিশ ও ১০ জন করে আনসার সদস্য নিয়োজিত ছিলেন। গত ১৮ জানুয়ারি ব্যাপক গোলযোগের পর ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এর পর কমিশনের নিজস্ব ও বিচার বিভাগীয় তদন্তের পর স্থগিত হয়ে যাওয়া ১৪টি কেন্দ্রে ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়। বাকি তিন কেন্দ্রের ফলাফলের বৈধতা দিয়ে তা গেজেট আকারে প্রকাশের উদ্যোগ নেয় কমিশন। এরপর বিএনপি সমর্থিত প্রার্থী ও বিদায়ী মেয়র হারুনূর রশিদ আজাদের রিট আবেদনে হাইকোর্ট ওই তিন কেন্দ্রের ফলাফল ঘোষণা স্থগিত করে। গোলযোগের পরদিন গত ১৯ জানুয়ারি বিএনপির আহ্বানে হরতালও হয় নোয়াখালীতে। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত স্পিকার আব্দুল মালেক উকিলের ছেলে গোলাম মহিউদ্দিন লাতু। আট কেন্দ্রের ফলাফলে ১৯০১ ভোটে এগিয়ে আছেন লাতু। নোয়াখালী ছাড়াও দেশের আরো চারটি পৌরসভার ৫টি কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ চলছে। এগুলো হলো- টাঙ্গাইলের ঘাটাইলের একটি, কুমিল্লার নাঙ্গলকোটের একটি, হবিগঞ্জের একটি ও ফেনী সদরের দুটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১১ ঘ.