২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে দু'জনের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে দু'জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 03:51 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

মৌলভীবাজার, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে দু'জনের মৃত্যু হয়েছে। শুক্রবার কুলাউড়া পৌর এলাকার চাতলগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-হবিগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার কুলাউড়া প্রতিনিধি আব্দুর রশীদ রেণু (৫৫) ও তাদের প্রতিবেশী জসীন উদ্দিন (১২)। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কার্যালয় ও গাড়ি ভাংচুর করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুরে চাতলগাঁও গ্রামে বাড়ির একটি গাছের ডাল কাটাচ্ছিলেন আব্দুর রশীদ রেণু। কাটছিল প্রতিবেশী কিশোর জসীম উদ্দিন। এ সময় বাড়ির ভেতর দিয়ে যাওয়া একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে রেনু ও জসীম আহত হন। কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কিছুক্ষণ পরই রেণু মারা যান। সেখানে অবস্থার অবনতি হলে জসীমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জসীমও মারা যায়। কুলাউড়া থানার ওসি কামরুল ইসলাম বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকমকে বলেন, রেণুর লাশ দাফনের সময়ই জসীদের মৃত্যুর খবর আসে। এ সময় এলাকার বিক্ষুব্ধ ৪০/৫০ জন লোক পিডিবি'র কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ঘেরাও করে ভাংচুর চালায়। এ সময় তারা ওই অফিসের দরজা-জানাল ও দুইটি পিকআপ ভাংচুর করে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি। এলাকাবাসীর বরাত দিয়ে স্থানীয় সাংবাদিক আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে পিডিবি'র লাইনে কোনো রক্সণাবেক্ষণ না হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পিডিবির কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩০ ঘ.