২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্শাল ল' তে বিচার হয় না: মন্ত্রী

পুঁজিবাজার তদন্ত কমিটির প্রধান ইব্রাহিম খালেদের বক্তব্যের প্রতিক্রিয়ায় আইন মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, মার্শল ল' কোনো আইন নয়। কাজেই এর মাধ্যমে কারো বিচার করাও সম্ভব নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2011, 06:53 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অস্থিরতার পেছনে জড়িতদের বিচার কেবল মার্শাল ল' তে সম্ভব- খোন্দকার ইব্রাহিম খালেদের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে আইন মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, যেহেতু মার্শল ল' কোনো আইন নয়, সেহেতু এর আওতায় কারো বিচার করাও সম্ভব নয়। ডিউক অব ওয়েলিংটনের উদ্বৃতি টেনে মন্ত্রী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মার্শাল ল'র কোনো আইনগত ভিত্তি নেই। এটি হলো সামরিক শাসকের শাসন, এ ব্যবস্থায় তার ইচ্ছাতেই রাষ্ট্র চলে।" কিন্তু "সংবিধানে স্পষ্ট বলা হয়েছে, রাষ্ট্র পরিচালিত হবে সংবিধান ও আইন দিয়ে," যোগ করেন তিনি। শেয়ার বাজারে অস্থিরতার পেছনে জড়িতদের বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পুঁজিবাজার তদন্ত কমিটির প্রধান ইব্রাহিম খালেদ বৃহস্পতিবার টেলিভিশন চ্যানেল বাংলাভিশনকে বলেন, "যদি মনে করেন যে, ধরে ধরে শাস্তি দিলে হবে- ধরে শাস্তি দেওয়া তো এতো সোজা না। আদালত আছে। আদালত তো সব সময় আসামির পক্ষে। কোর্ট কখনো নালিশকারীর পক্ষে থাকে না। '৯৬ সালে তো মামলা হয়েছিলো। একটারও তো জাজমেন্ট হয়নি।" কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদ আরো বলেন, এ ধরনের অপরাধের বিচার সেনা শাসনের সময়ই দ্রুত সম্ভব হয়। "এটা মার্শাল ল' তে হয়। ধরে এনে, বিচার করে শাস্তি দেওয়া যায়। এটা তো ডেমোক্রেসিতে হয় না।" ইব্রাহিম খালেদের বক্তব্যের প্রতিক্রিয়ায় আইন মন্ত্রী বলেন, "উনি বিষয়টি ব্যাখ্যা করতে ভুল করেছেন কি না জানি না। তবে ফৌজদারী মামলার নিয়ম হলো, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হলে সেই অভিযোগ প্রমাণের দায়িত্ব রাষ্ট্রপক্ষের। এ কারণে এ সংক্রান্ত মামলায় প্রথমেই আসামিকে জিজ্ঞেস করা হয়- তিনি দোষী না নির্দোষ।" অবশ্য শফিক আহমেদ মনে করেন, উদ্যোগ নিলেই ১৯৯৬ সালে পুঁজিবাজারে ধসের মামলাগুলোর নিস্পত্তি সম্ভব। "১৯৯৬ সালের ঘটনা নিয়ে অনেকগুলো মামলা আপিল বিভাগে স্থগিত হয়ে আছে। উদ্যোগ নিলে এর বিচার করা যেতো।" ইব্রাহিম খালেদের বক্তব্যের সমালোচনা করে ব্যারিস্টার রফিক-উল হক ও আনিসুল হকের মতো শীর্ষ আইনজীবীরাও বলেছেন, ওই বক্তব্য 'উস্কানিমূলক' ও 'দায়িত্বজ্ঞানহীন'। এ বিষয়ে কথা বলার জন্য টেলিফোনে ইব্রাহিম খালেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি আপনাদের সঙ্গে কোনো কথা বলবো না।" গত ডিসেম্বর-জানুয়ারি সময়ে পুঁজিবাজার হঠাৎ ফুল ফেঁপে ওঠার পর ব্যাপক পতনের কারণ অনুসন্ধানে গঠিত চার সদস্যের কমিটি গত ৭ এপ্রিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে প্রতিবেদন দেয়। তিন শতাধিক পৃষ্ঠার ওই প্রতিবেদন তৈরি হয়েছে মূলত শেয়ার বাজার সংশ্লিষ্টদের সাক্ষাৎকারের ভিত্তিতে। সরকারের ভেতর ও বাইরে থেকে তদন্ত প্রতিবেদনটি অনুষ্ঠানিকভাবে প্রকাশ করার দাবি উঠলেও সরকার এখনো তা করেনি। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওই প্রতিবেদনের একটি অনুলিপি হাতে পেয়েছে এবং তা ওয়েবসাইটে 'প্রকাশ' করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/২৩১৭ ঘ.