চাঁদপুর, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৫৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চাঁদপুরে মেঘনা নদীর আনন্দবাজার, ষাটনল, এখলাছপুর, জাহাজমারা, লগ্নিমারাচর, রাজরাজেশ্বরসহ কয়েকটি স্থানে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মো. সাইফুর রহমান।
সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক কারেন্ট জাল জেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অভিযানকালে কেউ আটক হয়নি। আটককৃত জালের মূল্য প্রায় ৮৮ লাখ ৩৫ হাজার টাকা।
ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরে মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকায় সকল প্রকার মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ। এর মধ্যে চাঁদপুরের ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬৩২ ঘ.
bdnews24