সুলাইমান নিলয়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সের ক্রিস্তফ, সেলিন, অ্যানি, স্পেনের ইসাবেল, বেলজিয়ামের অ্যামোলোনি কাজ করেন বাংলাদেশে।
বৃহস্পতিবার সকালে বের হয়েছেন বাংলাদেশের প্রাণের উৎসব 'বর্ষবরণ' দেখতে। লাখো মানুষের ঢল, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা মুগ্ধ করেছে ক্রিস্তফকে।
রমনা বটমূলে ছায়ানটের উৎসবে স্পেনের ইসাবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার দেশের উৎসব একেবারেই ভিন্ন। এখানকার সংস্কৃতির সঙ্গে তার একটুও মিল নেই। বাংলাদেশের আসার পর মনে হচ্ছে, আমাদের সংস্কৃতির বাইরে ভিন্ন সংস্কৃতি রয়েছে, যাকে আপন ভাবা যায়।"
এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাঙালির বর্ষবরণ অনুষ্ঠান আর দেখার সুযোগ তার হয়নি। তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান দেখেছেন।
"শহীদ মিনারে গিয়ে ফুল দিয়েছি। তখনও এদেশের অসাধারণ সংস্কৃতিকে জানার সুযোগ হয়েছে", বলেন ইসাবেল।
রমনা বটমূলে ক্রিস্তফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক কথায় বাঙালির এ উৎসবকে 'গ্রেট' ক্যাটাগরিতে ফেলা যায়। এ অনুষ্ঠান (ছায়ানটের বর্ষবরণ) দিয়ে উৎসব দেখা শুরু করেছি। এরপর যাব মাস্ক প্রসেশনে (চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রায়)।"
ফরাসি তরুণী অ্যানির উপলব্ধি- "এই উৎসবের পর আমার মনে হচ্ছে, আমরা এ দেশের জনগণেরও কাছাকাছি।"
ইউরোপীয় তরুণ-তরুণীদের এ দলের কোনো দুর্ভোগে পড়তে না হলে পকেটমারের কবলে পড়েছেন দক্ষিণ কোরিয়ার ঝং মিন লি।
সাত সকালে মোবাইল হারিয়ে প্রথমে মন খারাপ হয়ে যায় লি'র। তবে ছায়ানটের অনুষ্ঠান দেখে তা কেটে যায় অনেকটাই।
"সব মিলিয়ে সকালটা ভালোই কেটেছে", বলেন লি।
দক্ষিণ কোরীয় এ তরুণ মুক্তিযুদ্ধ জাদুঘরে ইন্টার্নশিপ করতে বাংলাদেশে এসেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১২৩০ ঘ.
bdnews24