২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মামলায়ই জামিন পেলেন আইনজীবী নুরুল

ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ভাংচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা দুটি মামলায় জামিন পেয়েছেন আইনজীবী নুরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 04:26 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ভাংচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা দুটি মামলায় জামিন পেয়েছেন আইনজীবী নুরুল ইসলাম। বুধবার মহানগর হাকিম রেজাউল ইসলাম ও শাহাদাত হোসেন জামিন আবেদনের ওপর শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। এছাড়া প্রতারণার অভিযোগে যে মামলায় জামিন না দেওয়াকে কেন্দ্র করে ভাংচুর ও বিশৃঙ্খলা হয়েছিলো সেটিতেও তাকে জামিন দেওয়া হয়েছে। জামিনের বিষয়টি বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন ঢাকা বারের সহ-সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন দোলন। গত ১০ এপ্রিল একটি প্রতারণা মামলায় সুনির্দিষ্ট অভিযোগ না থাকার পরও ম্যাজিস্ট্রেট এম এ সালাম আইনজীবী আসামি নুরুল ইসলামকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিলে একদল আইনজীবী এজলাস ভাংচুর ও নথিপত্র ছুড়ে মারেন। ওই দিনই আদালতের পেশকার নাজমা বেগম ও পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক খলিলুর রহমান নুরুলসহ সংশ্লিষ্ট আইনজীবীদের বিরুদ্ধে ঢাকার কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করেন। মামলায় নুরুল ইসলাম, খোরশেদ আলম ও মিনারা বেগমের নামোল্লেখসহ ৩০/৪০ জনকে আসামি করা হয়। এদের মধ্যে খোরশেদ আলম ও মিনারা বেগম মঙ্গলবার হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২২১৬ ঘ.