গাজীপুর, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় দুইটি কাঁকড়া ও কুঁচিয়া খামার আগুনে পুড়ে গেছে।
এ সময় একটি খামারে থাকা আট বছরের এক শিশুও পুড়ে মারা যায়।
মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে অর্কিড ট্রেডিং করপোরেশন ও এসআর ট্রেডার্সে এ অগ্নিকাণ্ড হয়।
টঙ্গী দমকল কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে পাশাপাশি ওই দুই খামারে আগুন লাগে।
টঙ্গী দমকলের তিনটি ইউনিট প্রায় ২ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে পাশাপাশি থাকা খামারের দু'টি সেমিপাকা টিনশেডের ছাপরা ঘর পুড়ে গেছে।
অর্কিড খামারে থাকা শিশু সুরাইয়া (৮) আগুনে পুড়ে গুরুতর আহত হয়। টঙ্গী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে।
আগুনের প্রচণ্ড তাপে অর্কিড ট্রেডিং করপোরেশনের প্রায় ৩টন এবং এসআর ট্রেডার্সের প্রায় ২টন কুঁচিয়া মারা গেছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।
কাঁকড়া ও কুঁচিয়া একই স্থানে চাষ করা হয়। তবে এই দুই খামারে কাঁকড়া ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪২ ঘ.
bdnews24