রাজশাহী, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পবা উপজেলায় আট বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
সোমবার রাতে উপজেলার দাদপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে শিশুটির পরিবার ও পুলিশ জানিয়েছে।
শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শিশুটির বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সে স্থানীয় একটি প্রাথমিক স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ে। সোমবার সন্ধ্যায় সে প্রতিদিনের মতো নওহাটা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র ও দাদপুর গ্রামের আরিফ হোসেনের (২১) কাছে প্রাইভেট পড়তে যায়।
এসময় আরিফের বাবা-মা কেউ বাড়িতে ছিলেন না।
এই সুযোগে আরিফ শিশুটিকে ধর্ষণ করে বলে জানান শিশুটির পিতা।
পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আরিফ পালিয়ে যায়।
পবা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু ওবায়দা খান সাংবাদিকদের জানান, শিশুটির বাবা এ ঘটনায় আরিফকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।
ঘটনার পর আরিফ পলাতক আছে। তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮২৬ ঘ.
bdnews24