খুলনা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শলুয়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- বাসের চালক বাবু (৪০), ময়না বেগম (৩৫), তার ছেলে কৌশিক (৪), মরজিনা বেগম (৩২) এবং বিধান কুমার ঢালি (৪০)। দিঘলিয়া উপজেলার কৃষি কর্মকর্তা বিধানের বাড়ি একই উপজেলার ডোমা গ্রামে। বাকিদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ডুমুরিয়া থানার ওসি মো. আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার ফুলতলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি অপর একটি বাসকে পাশ কাটাতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
তিনি বলেন, এতে পাঁচ জন ঘটনাস্থলেই মারা যায়।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৩৩০ ঘ.
bdnews24