২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুরাইন ট্র্যাজেডি: অভিযোগ গঠন ফের পেছালো

জুরাইনে মা ও দুই শিশু আত্মহত্যা প্ররোচনা মামলায় নয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুরাইনে মা ও দুই শিশু আত্মহত্যা প্ররোচনা মামলায় নয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে। সোমবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসাইন আগামী ৪ মে আদেশের তারিখ রেখেছেন। এর আগে ৩১ জানুয়ারি অভিযোগ গঠনের আদেশের দিন তারিখ ধার্য থাকলেও পুনরায় ৯ ফেব্র"য়ারি তারিখ ধার্য করা হয়। তবে সেদিন অভিযোগ গঠনের আদেশ প্রত্যাহার করে ১১ এপ্রিল অভিযোগ গঠনের অধিকতর শুনানির তারিখ দেয় আদালত। গত বছরের ১১ অগাস্ট এ মামলায় দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শফিকুল কবির, তার ছেলে রাশেদুল কবির, ছেলের দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতি, শফিকুলের স্ত্রী নূর বানু, শফিকুলের দুই মেয়ে সুখন কবির ও কবিতা কবির, কবিতা কবিরের স্বামী দেলোয়ার হোসেন পাটোয়ারি, ওষুধ বিক্রেতা আব্দুল গাফ্ফার ও গাড়িচালক আল আমিনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এরই মধ্যে স্মৃতির গাড়িচালক আল আমিন এবং ওষুধ বিক্রেতা আব্দুল গাফফার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া আসামিদের কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ মামলায় গাড়িচালক আল আমিন বাদে সবাই জামিনে আছেন। সোমবার জামিনে থাকা সব আসামি আদালতে হাজিরা দেন। আল আমিনকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। গত বছরের ১০ জুন শফিকুলের পুত্রবধূ ফারজানা কবির রিতা (৪০), নাতি ইশরাক কবীর পাবন (১৩) ও নাতনি রাইসা রাশমিন পায়েল (১১) ঘুমের ওষুধ খেয়ে পূর্ব জুরাইনের আলমবাগের ২২৯ নম্বর বাড়িতে আত্মহত্যা করে। এ ঘটনায় রিতার মা মোসাম্মৎ মাজেদা বেগম কদমতলী থানায় ১১ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এইচএ/১৭৪৪ ঘ.