ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের মধ্যে এলপি গ্যাসের উৎপাদন বাড়বে- বাসা-বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত পুনর্বহালের একদিন পর এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা।
চলতি বছর এলপি গ্যাসের উৎপাদন দুলাখ টন বাড়বে বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই- ইলাহী চৌধুরী।
"এ বছরের মধ্যে চট্টগ্রাম ও মংলায় দুটি প্ল্যান্ট স্থাপন করা হবে। ওই দুই প্ল্যান্ট থেকেই ২ লাখ টন এলপি গ্যাস উৎপাদন করা হবে।"
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন উপদেষ্টা। এলপি গ্যাস সহজলভ্যকরণের বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দেশে বাসা-বাড়িতে গ্যাস সংযোগ ২০০৯ সাল থেকে বন্ধ রয়েছে। ভবিষ্যতেও আর এ ধরনের সংযোগ দেওয়া হবে না বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান জ্বালানি সচিব মোহাম্মদ মেসবাহউদ্দিন।
বর্তমানে সরকারিভাবে ২০ হাজার মেট্রিক টন এবং বেসরকারিভাবে ৬০ হাজার মেট্রিক টন এলপি গ্যাস সরবরাহ হচ্ছে বলে জানান জ্বালানী প্রতিমন্ত্রী মো. এনামুল হক।
প্রকাশ হবে ডিলারদের ফোন নম্বর
এলপি গ্যাস সরবরাহ সহজলভ্য করতে শুল্ক ও ভ্যাট কমানোর প্রস্তাবও করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, এছাড়া সরকারিভাবে নির্ধারিত সিলিন্ডার প্রতি এলপি গ্যাস খুচরা মূল্য ৭০০ টাকায় যেন বিক্রি হয় সে ব্যাপারে নজরদারি করা হবে। এ জন্য তদারিক কমিটি গঠন করা হয়েছে।
"দেশের সব এলপি গ্যাস ডিলারদের নামের তালিকা ও ফোন নম্বর প্রকাশ করা হবে, যাতে ডিলারদের কাছ থেকে ক্রেতারা সরাসরি কিনতে পারে।"
বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরকারি মূল্যের চেয়ে সিলিন্ডার প্রতি প্রায় ৬০০ টাকা বেশি নিচ্ছে- এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এজন্যই সরবরাহ বৃদ্ধি করা হচ্ছে। সরবরাহ বৃদ্ধি করা হলে মূল্যে তারতম্য কমে যাবে।
বর্তমানে সরকারি পর্যায়ে এলপি গ্যাসের সিলিন্ডারের সংখ্যা প্রায় ৪ লাখ। প্রতিটি সিলিন্ডারের ধারণক্ষমতা ১৪ দশমিক পাঁচ কেজি।
সভায় পেট্রোবাংলা চেয়ারম্যান ড. হোসেন মনসুর, এলপি গ্যাস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কুদরত ই ইলাহীসহ জ্বালানী মন্ত্রণালয়ের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/পিডি/১৮৪০ ঘ.
bdnews24