ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ মিশনে আরো বেশি সংখ্যক বাংলাদেশি পুলিশ কর্মকর্তা নিয়োগের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
জাতিসংঘ পুলিশ প্রধান মিস অ্যান-মেরি অরলার বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
তিনি জাতিসংঘ পুলিশ মিশনে বাংলাদেশ থেকে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়োগের জন্যও সুপারিশ করেন।
মিস অ্যান-মেরি অরলার বাংলাদেশে জাতিসংঘ পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের আশ্বাস দেন।
সাক্ষাতের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশে জাতিসংঘের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার আহ্বানের জবাবে অ্যান-মেরি অরলার এই আশ্বাস দেন।
পৃথিবীর বিভিন্ন দেশে ১১টি মিশনে বর্তমানে ২ হাজার ৬৬ জন পুলিশ কর্মরত রয়েছেন।
টুকু বলেন, জাতিসংঘে কর্মরত বাংলাদেশি পুলিশদের ব্যাপারে প্রশংসা করেছেন মেরি।
গত ২৩ মার্চ র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির লিমনের ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান। সাংবাদিকরা এ ব্যাপারে জানতে চাইলে টুকু বলেন, "র্যাবের বিভাগীয় ও আইনগত ব্যবস্থা রয়েছে এবং সে অনুসারে তদন্তের ব্যবস্থা রয়েছে। প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করবে।"
আইভরি কোষ্টের বর্তমান সংঘাতপূর্ণ অবস্থায় সেখানে অবস্থানরত বাংলাদেশের পুলিশদের ফিরিয়ে আনার কোন ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, "প্রয়োজন হলে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কিউএইচ/কেএমএস/১৭৩০ ঘ.
bdnews24