২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলার আসামি 'রাজনৈতিক খালাস'

রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় ঢাকা সিটি কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সলিমউল্লাহ সলুকে একটি অস্ত্র মামলায় খালাস দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 05:40 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় ঢাকা সিটি কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সলিমউল্লাহ সলুকে একটি অস্ত্র মামলায় খালাস দিয়েছে আদালত। বুধবার ঢাকার ৭ নন্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ আদেশ দেন। ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের পেশকার ইফতেখার হোসেন কামাল জানান, তাদের আদালতে সলিমুল্লাহ সলুর বিরুদ্ধে বিচারাধীন আরো অস্ত্র মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে। যা শুনানির অপেক্ষায় রয়েছে। ২০০৭ সালের ১৫ জুলাই তত্ত্বাবধায়ক সরকার আমলে তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করা হয়। ওই বছরেরই অগাস্টে এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়। ২০০৭ সালের ১৪ জুলাই মগবাজারের একটি বাড়ি থেকে পলাতক সলুকে গ্রেপ্তার করা হয়। পরে মোহাম্মদপুর থেকে তার নামে একটি শটগান, গুলি ও ছোরা উদ্ধার করা হয়। শটগানটি নিবন্ধিত বলে মামলার নথি থেকে জানা যায়। মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এ মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের জন্য চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। সলিমুল্লাহ সলু গত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সমর্থনে কাউন্সিলর নির্বাচিত হন। মামলা থেকে খালাসের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সলিমুল্লাহ সলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি বিষয়টি জেনেছেন। তিনি বিএনপির সমর্থনে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হলেও এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/পিডি/২৩৪৩ ঘ.