ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, দুই দেশের অংশিদারিত্বের সম্পর্ক দৃঢ়।
বুধবার কক্সবাজারে একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধনে তিনি বলেন, আজকের এ আশ্রয়কেন্দ্র উদ্বোধন বাংলাদেশ ও য্ক্তুরাষ্ট্রের দৃঢ় অংশিদারিত্বের সম্পর্কের অনেক উদাহরণের একটি।
যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। কক্সবাজারের হামিদিয়ায় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, জনগণের সুরক্ষা ও নিরাপত্তায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণ কীভাবেএকসঙ্গে কাজ করছে এটা তার প্রমাণ।
যুক্তরাষ্ট্র পাঁচটি ক্ষেত্রে নানা উদ্যোগে বাংলাদেশকে সহায়তা দিচ্ছে। এগুলো হলো- স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষা, গ্রামের দরিদ্রদের আয় বৃদ্ধি, সুশাসন, খাদ্য নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবেলা।
১৯৭১ সাল থেকে এ পর্যন্ত পাঁচশ ৮০ কোটি ডলার সাহায্য দিয়েছে।
পরে মরিয়ার্টি ও ইউরোপিয়ান ইউনিয়নের ৮টি দেশের রাষ্ট্রদূতসহ ১৯ জন কূটনীতিক টেকনাফ ও উখিয়ার দু'টি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম পাল ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিনসহ সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন সাংবাদিকদের জানান, উদ্বোধনের পর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে মরিয়ার্টি শিক্ষা উপকরণ বিতরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/পিডি/২৩২৭ ঘ.
bdnews24