রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক খাতে তারল্য সংকটের খবর প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, ব্যাংকগুলোর কাছে অতিরিক্ত তারল্য রয়েছে।
গভর্নর আতিউর রহমান মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের ব্যাংকগুলোতে কোনো তারল্য সংকট নেই। তাদের কাছে অতিরিক্ত তারল্য রয়েছে এবং একে অন্যকে ধারও দিচ্ছেন।"
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ব্যাংক খাতে ২৪ হাজার ৫৭ কোটি টাকার অতিরিক্ত তারল্য রয়েছে। কলমানি সুদের হারও বর্তমানে স্বাভাবিক। সর্বশেষ তথ্য অনুযায়ী, বেসরকারি খাতের ব্যাংকগুলোতে কলমানি সুদের সর্বোচ্চ হার ছিল ৬ দশমিক ২৫ শতাংশ।
এরপরও বিভিন্ন পত্রিকায় তারল্য সংকটের খবর প্রকাশিত হওয়া প্রসঙ্গে গভর্নর বলেন, "কোনো স্বার্থন্বেষী মহল তারল্য সংকটের গুজব রটাচ্ছে।"
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মার্চ মাস থেকে চলতি মূলধনের ঋণ, গৃহায়ণ খাত ও বাণিজ্য অর্থায়ন খাতে ঋণের সুদ হারের সর্বোচ্চ সীমা (১৩ শতাংশ) প্রত্যাহার করা হয়েছে।
তবে, কৃষি ও মেয়াদি শিল্প ঋণ খাতে সুদ হারের সর্বোচ্চ সীমা ১৩ শতাংশ, রপ্তানি ঋণের সুদের সর্বোচ্চ সীমা ৭ শতাংশ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের (চাল, গম, ভোজ্যতেল, ডাল, ছোলা, পেঁয়াজ, খেজুর ও চিনি) আমদানি অর্থায়নে সুদের সর্বোচ্চ সীমা আগের মতোই ১২ শতাংশ রাখা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, 'সুদ হারের সর্বোচ্চ সীমা প্রত্যাহার করায় ব্যাংকগুলো শিল্প খাতে চলতি মূলধন হিসেবে দেওয়া ঋণে ১৬ শতাংশ বা তার চেয়েও বেশি হারে সুদ আদায় করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আসন্ন ব্যাংকার্স সভায় ব্যাংকগুলোকে এ খাতে সুদহার ১৫ শতাংশ বা তার নিচে ধার্য করতে বলা হবে।'
এ বিষয়ে জানতে চাইলে আতিউর রহমান বলেন, "সুদের হার সহনীয় পর্যায়ে রাখতে হবে। কোনোভাবেই অতিরিক্ত সুদ নিতে দেওয়া যাবে না।"
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ৮৫৯ কোটি ৯০ লাখ ডলার রেমিটেন্স (প্রবাসী আয়) এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩২ কোটি ৯০ লাখ ডলার বেশি।
এ প্রসঙ্গে গভর্নর বলেন, "বলা হচ্ছে, লিবিয়া থেকে বাংলাদেশিরা ফিরে আসায় রেমিটেন্স কমে যাবে। এটা ঠিক না। কারণ লিবিয়া থেকে যে রেমিটেন্স আসে, তা মোট রেমিটেন্সের ০.০৩ শতাংশ। সেখান থেকে সব বাংলাদেশি ফিরে এলেও সার্বিকভাবে রেমিটেন্স প্রবাহে তেমন কোনো প্রভাব পড়বে না।"
চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্র"য়ারি ২০১১) দেশে রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৪০০ কোটি ডলার। একই সময়ে আমদানি ব্যয় হয়েছে প্রায় ২২০০ কোটি ডলার। মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র খোলার পরিমাণ বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৭২ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক দাবি করেছে, আমদানি ব্যয় বাড়লেও রেমিটেন্স বৃদ্ধি এবং ১০৭৯ কোটি ডলারের রিজার্ভ থাকায় ব্যাংক খাতে বৈদেশিক মুদ্রারও কোনো সংকট এই মুহূর্তে নেই।
গভর্নর বলেন, "দেশের অর্থনীতি এখন খুবই ভালো অবস্থায় রয়েছে। আশা করি আমরা প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে সক্ষম হবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২০১১ ঘ.
bdnews24