গাইবান্ধা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট বাজারে কালোবাজারে বিক্রির জন্য মজুদ ফেয়ার প্রাইজের (দরিদ্রদের জন্য স্বল্প মূল্যের) ২৪ বস্তা চাল জব্দ করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিব আহসান চালের মঙ্গলবার চালের বস্তাগুলো জব্দ করেন।
আসিব আহসান সাংবাদিকদের জানান, উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ফেয়ার প্রাইজ ডিলার রওশন আলী গত ২৮ মার্চ ওই মাসের জন্য বরাদ্ধকৃত স্বল্প মূল্যের ৩৮ বস্তা চাল সরকারি গুদাম থেকে উত্তোলন করেন।
নিয়ম অনুয়ায়ী পর দিনই ওই চাল বিক্রির কথা থাকলেও তিনি ১৪ বস্তা চাল আগেই কালোবাজারে বিক্রি করেন বলে অভিযোগ উঠে। বাকি ২৪ বস্তা চাল কালোবাজারে বিক্রির জন্য তিনি তুলসীঘাট বাজারের একটি দোকানে মজুদ রাখেন।
মঙ্গলবার এলাকার লোকজন তুলসীঘাট বাজারে রাখা চালের দোকানটি ঘেরাও করে চাল আটক করে এবং ইউএনওকে খবর দেয়।
ইউএনও পুলিশ নিয়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে ২৪ বস্তা চাল জব্দ করেন। এই চাল সাহাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
তিনি আরো জানান, রওশন আলীর ডিলারশিপ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৪৮ ঘ.
bdnews24