২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপারিশের অপেক্ষায় আর ৬৭টি 'রাজনৈতিক' মামলা

রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আর মাত্র ৬৭টি মামলা সুপারিশের জন্য রয়েছে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 10:49 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আর মাত্র ৬৭টি মামলা সুপারিশের জন্য রয়েছে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির ২৮তম বৈঠক শেষে তিনি বলেন, আগামী সভায় এসব মামলা প্রত্যাহারের সুপারিশ শেষ হবে। আগামী মাসে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কমিটির সভাপতি কামরুল সাংবাদিকদের বলেন, "আর মাত্র ৬৭টি মামলা সুপারিশের জন্য রয়েছে। জেলা কমিটিকে বলা হয়েছে, কোনো মামলা থাকলে এর মধ্যেই তা পাঠিয়ে দিতে।" মঙ্গলবারের সভায় দণ্ডবিধির ৪১১টি মামলার মধ্যে ৪৯টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। নাকচ করা হয়েছে ২৯৫টি। এছাড়া পরবর্তী বিবেচনার জন্য ওই ৬৭টি মামলা রাখা হয়েছে। এ পর্যন্ত দণ্ডবিধি ও অন্যান্য ১০ হাজার ৫৩৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ এসেছে উল্লেখ করে কামরুল বলেন, এর মধ্যে প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে ৭ হাজার ৩১টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/এমআই/১৬৪৫ ঘ.