২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের মামলায় মাহমুদুরের জামিন

পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 08:23 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন দিয়েছে আদালত। এছাড়া আগামী ২০ জুন এ মামলায় অভিযোগ গঠনের জন্য দিনও ধার্য করা হয়েছে। মঙ্গলবার ঢাকার এক নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান ভূঁইয়ার আদালতে হাজির হয়ে মাহমুদুর রহমান জামিন আবেদন করেন। মাহমুদুরের আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ ও এমএ জলিল উজ্জ্বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলায় তিনি (মাহমুদুর) হাইকোর্ট থেকে স্থায়ী জামিনে রয়েছেন। মঙ্গলবার মামলাটিতে বিচারিক আদালতে অভিযোগ গঠনের ধার্য দিনে তিনি তা পেছানোর আবেদন করেন এবং জামিন চান। শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন। গত বছরের ২ জুন মাহমুদুরকে গ্রেপ্তারের পর মানহানিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মোট ৪৯টি মামলা দায়ের করা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার এ মামলায় বলা হয়, গ্রেপ্তারের পর ২ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মাহমুদুরকে হাজির করা হলে আদালতের সিঁড়িতে তার সমর্থিত লোকজন তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা পুলিশের কাজে বাধা দেয় এবং পুলিশকে মারধর করে। ওইদিনই পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মাহমুদুরের বিরুদ্ধে মামলাটি করে। গত ৩১ ডিসেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। নয় মাসেরও বেশি সাজা ভোগের পর গত ১৭ মার্চ মুক্তি পান মাহমুদুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৪০৫ ঘ.