চট্টগ্রাম, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে হরতালে হামলা-ভাংচুরের ঘটনায় চারটি মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ১৩ আসামিকে।
সোমবার রাতে পুলিশ বাদি হয়ে বায়েজীদ থানায় দুটি এবং হাটহাজারী থানায় অন্য মামলা দুটি দায়ের করে।
সোমবার ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা হরতালের সময় চট্টগ্রাম-হাটহাজারী সড়কের অক্সিজেন বালুচরা এলাকা থেকে চৌধুরী হাট পর্যন্ত হাটহাজারী বড় মাদ্রাসার ছাত্ররা দেড় শতাধিক বাস ভাংচুর করে। পুলিশ ও হরতালকারীদের সংঘর্ষে আহত হয় অর্ধশত।
নগরীর বায়েজীদ থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের ওপর হামলা এবং ভাংচুরের অভিযোগে উপ-পরিদর্শক (এসআই) প্রিটন সরকার বাদি হয়ে আলাদা দুটি মামলা করেছেন।
পুলিশের ওপর হামলার ঘটনায় ২১ জন এজাহারভুক্তসহ অনেককে এবং ভাংচুরের ঘটনায় সুনির্দিষ্ট ১৩ জনকে আসামি করা হয়েছে। ১৩ জনকে সোমবারই গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।
হাটহাজারী থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাংচুরের ঘটনায় এসআই গোলাম কিবরিয়া এবং পুলিশের কাজে বাধাদানের অভিযোগে এসআই ওমর ফারুক বাদি হয়ে মামলা করেন।
ভাংচুরের মামলায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত অনেককে এবং কাজে বাধাদানের অভিযোগে ১০ জনের নামসহ অনেককে আসামি করা হয়। তবে এ দুই মামলায় কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩১০ ঘ.
bdnews24