২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি ভাংচুর: টুকুসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

হরতালে গাড়ি ভাংচুরের মামলায় ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 11:02 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি ভাংচুরের মামলায় ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। সোমবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের দ্রুত বিচার আদালতের বিচারক জয়নাব বেগম এ অভিযোগ গঠন করেন। সেইসঙ্গে আগামী ৩ মে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়। আসামি পক্ষের আইনজীবী দাউদ উর রহমান মিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেন। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে গত বছরের ১৪ নভেম্বর বিএনপির ডাকা হরতাল কর্মসূচি পালনের সময় রাজধানীর শেখ রাসেল স্কয়ারের সামনে পুলিশের কাজে বাধাদান, মারধর ও গাড়ি ভাংচুরের ঘটনায় ধানমণ্ডি থানায় মামলাটি করে পুলিশ। আসামিদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা আবুল খায়ের পলাতক রয়েছেন। অভিযোগ গঠনের সময় আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। অপর আসামিরা হলেন- নিয়াজ মাগদুম, মনিরুজ্জামান দুদু, নিজাম উদ্দিন, এজমল হোসেন পাইলট, মো. সেলিম, আবুল বাসার সিদ্দিকী, শাহ আলম, তৌহিদুল ইসলাম, আবু হানিফ, রবিউল ইসলাম। অভিযোগ গঠন শেষে কাঠগড়ায় দাঁড়ানো আসামিরা সবাই নিজেদের নির্দোষ দাবি করে বিচার চান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/১৬৫৮ ঘ.