সিলেট, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিয়ানীবাজারে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রলীগের সংঘর্ষে পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
সোমবার দুপুরে চারখাই বাজারে ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মীর সঙ্গে ছাত্রলীগ কর্মীদের বাগবিতণ্ডাকে কেন্দ্র করে এই সংঘর্ষ বাঁধে। এসয় স্থানীয় জামায়াত নেতাকর্মীরা শিবিরের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারী আবুল কাশেম চৌধুরী, ছাত্রশিবির কর্মী মিলাদ আহমদ চৌধুরী তালহা, আলী হোসেন ও জুবের। বাকিদের নাম জানা যায়নি। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে তালহাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে শিবির কর্মী মিলাদ আহমদ চারখাই বাজারে একটি সিএনজি অটোরিকশা থামানোর চেষ্টা করেন। এসময় স্থানীয় ছাত্রলীগ কর্মী আলাল, সাবুল, জেবুল ও জিহান বাঁধা দেয়। এ নিয়ে তাদের সঙ্গে মিলাদ আহমদের বাগবিতণ্ডা হয়।
এর জের ধরে উভয় পক্ষ সংগঠিত হয়ে দেশীয় অস্ত্র, ইট-পটকেল, লাটিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় স্থানীয় জামায়াত নেতাকর্মীরা শিবিরের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিয়ানীবাজার থানার ওসি ফজলুল হক শিবলী সাংবাদিকদের জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় কোন মামলা হয়নি। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৬৩৬ ঘ.
bdnews24