ময়মনসিংহ, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ শহরের নতুন বাজার রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় তিন ঘণ্টা পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনার পর ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জ ও বাহাদুরাবাদ ঘাট পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধার কাজ শেষে দুপুর পৌনে ৩টার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর আ. রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে নতুন বাজার রেলক্রসিংয়ে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় আধা কিলোমিটার রেলপথের স্লিপার ক্ষতিগ্রস্থ হয়।
ট্রেনের বগি উদ্ধার শেষে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫১১ ঘ.
bdnews24