ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া টানা ছয় দিন শান্তিপূর্ণভাবে প্রথম দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন রোববার বিকাল সাড়ে ৪টার দিকে কমিশন কার্যালয়ে এই সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, "নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হলেও তা না ঘটায় এবার ভোটার উপস্থিতি ছিল বেশি। গড়ে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে।"
গত জানুয়ারিতে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের 'তিক্ত' অভিজ্ঞতার তুলনায় এবার ইউপি নির্বাচনে স্থানীয় প্রভাবশালী ও দলীয় নেতাদের হস্তক্ষেপ তেমন দেখেন নি বলে জানান তিনি।
তিন বিভাগে উপকূলীয় ১২ জেলায় প্রথম দফার ইউপি নির্বাচন গত মঙ্গলবার শুরু হয় এবং শেষ হয় রোববার।
ইসির কর্মকর্তারা জানান, এ দফায় ৫৫৩টি ইউপির নির্বাচন হয়েছে। এছাড়া আদালতের স্থগিতাদেশে ৩১টি ও সীমানা জটিলতায় দুটি'র নির্বাচন হয় নি। সহিংসতা ও বিধি লঙ্ঘনের কারণে আট ইউপি'র নির্বাচন স্থগিত করেছে ইসি।
স্থগিত ইউপি'র নির্বাচন উপযুক্ত পরিবেশ হলে করা হবে বলে জানান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, "উপকূলীয় এলাকায় নির্বাচন নিয়ে (আইন শৃঙ্খলা পরিস্থিতি) যে শঙ্কা ছিলো, তা ঘটে নি। সার্বিকভাবে বলবো- ভালো নির্বাচন হয়েছে, সুষ্ঠু হয়েছে।"
এপ্রিলের মাঝামাঝি দ্বিতীয় দফার তফসিল
চলতি মাসে দ্বিতীয় দফায় ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার কথা আবারো জানালেন তিনি।
কমিশন কার্যালয়ে এই নির্বাচন কমিশনার জানান, মেয়াদোত্তীর্ণ বাকি ইউপিগুলোর নির্বাচন মে-জুন মাসে করা হবে। এজন্যে সময় বিবেচনা করে এপ্রিলের মাঝামাঝি এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫০৫টি। এর মধ্যে নির্বাচনযোগ্য ইউপির সংখ্যা ৪ হাজার ৩০০টি। মামলা, সীমানা পুনর্বিন্যাস না হওয়া এবং অন্যান্য কারণে ২০৫টি ইউপিতে আপাতত নির্বাচন করা যাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/২১১৮ ঘ.
bdnews24