চট্টগ্রাম, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু'জনের মৃত্যু হয়েছে। আহত হন চারজন।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিশিলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদ নুরুল হুদা (৩৫) ও জেসমিন আক্তার (৩০)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন- নুরুল আমিন মতিন (৪০), ইউসুফ (৩০), আমিনুল (৪০) ও অজ্ঞাত পরিচয় এক শিশু (১২)।
হতাহতরা সবাই পিকআপের যাত্রী।
সীতাকুণ্ড থানার সার্জেন্ট আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে চট্টগ্রামমুখী একটি পিক-আপ ভ্যানের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হলে পিকআপের ছয় যাত্রী গুরুতর আহত হন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় দু'জন মারা যান।
পিকআপ ও ট্রাক আটক করা হলেও ট্রাকের চালক ও সহকারীকে আটক করা যায়নি, বলেন সার্জেন্ট আনোয়ার হোসেন।
চমেক পুলিশ ফাঁড়ির কনস্টেবল খোকন চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত চারজন চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/ডিডি/০০১২ ঘ.
bdnews24