চট্টগ্রাম, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর দেড়টার দিকে শুলকবহর শেখ বাহার উল্লাহ মসজিদের সামনে সরকারবিরোধী বক্তব্য দেওয়া ও মিছিল করার চেষ্টাকালে স্থানীয়রা পিটুনি দিয়ে এই তিনজনকে পুলিশে দেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাহবুব আহসান (২৩) এবং তার দুই ভাই সোহান ইয়াছিন (২৪) ও সাফাত ইকবাল (২৩)।
মাহবুব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সোহান চবি'র ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষ এবং সাফাত সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) ছিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার জুমার নামাজে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নামাজ শেষে সরকারবিরোধী বক্তব্য রেখে মিছিল করার চেষ্টা করলে স্থানীয়রা হিযবুত তাহরীরের এই তিন সদস্যকে আটক করে। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
তিনি জানান, এসময় তাদের কাছ থেকে একটি ডিজিটাল ক্যামেরা ও হিযবুত তাহরীরের একটি ব্যানার উদ্ধার করা হয়। ব্যানারটিতে 'হিজবুত তাহরীর ওলাই'য়াহ বাংলাদেশ' লেখা আছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমশিনার (পাঁচলাইশ জোন) আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাহবুব ও সোহান নিজেদের হিযবুত তাহরীর কর্মী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
সংগঠনের কোনো নেতার সঙ্গে পরিচয় না থাকলেও খেলাফত সংশ্লিষ্ট একাধিক ওয়েবসাইট থেকে হিযবুত তাহরীর সম্পর্কে জানতে পারে বলে মাহবুব পুলিশের কাছে দাবি করেন।
মাহবুব বলেন, একটি অপরিচিত মোবাইল ফোন নম্বর থেকে কল পেয়ে তিনি মিছিলে অংশ নিতে আসেন।
এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমইউএস/এইচএ/১৯৫৬ ঘ.
bdnews24