২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবে বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সৌদি আরব থেকে রোববার দেশে ফিরলে ঢাকায় শাহ জালাল বিমান বন্দরের বাইরে তাকে অভ্যর্থনা জানাবে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 07:47 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সৌদি আরব থেকে রোববার দেশে ফিরলে ঢাকায় শাহ জালাল বিমান বন্দরের বাইরে তাকে অভ্যর্থনা জানাবে বিএনপি। দলীয় মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার দুপুরে দলের যৌথ সভায় পর এক সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, "আমরা আমাদের নেত্রীকে বিমান বন্দরের বাইরে সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দঁাঁড়িয়ে উষ্ণ অভ্যর্থনা জানাব।" খালেদা জিয়া চিকিৎসার জন্য সৌদি সরকারের আমন্ত্রণে ২০ মার্চ রিয়াদ যান। সেখানে বাদশা ফয়সাল বিন আবদুল আজিজ হাসপাতালে তার চিকিৎসা হয়। আগামী ৩ এপ্রিল তিনি দেশে ফিরে আসবেন। ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিপুল বিজয়ে আইনজীবী নেতাদের অভিনন্দন জানান। তিনি বলেন, "বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি গণতন্ত্রের বিজয়।" দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সৌদি আরব সফরকে সফল অভিহিত করে তিনি বলেন, "তিনি সেখানে পবিত্র ওমরাহ পালন করেছেন। চিকিৎসা নিয়েছেন। পাশাপাশি বিরোধী দলীয় নেতা রাষ্ট্রীয় দায়িত্বও পালন করেছেন। সৌদি যুব রাজসহ প্রবাসীদের সঙ্গে তিনি বৈঠক ও আলোচনা করেছেন।" মির্জা ফখরুল জানান, দলের চেয়ারপার্সন রোববার দুপুর ২টার দিকে সৌদিয়া এয়ালাইন্সের বিমানে ঢাকা পৌঁছাবেন। দলের পক্ষ থেকে বিমান বন্দরের বাইরে তাকে অভ্যর্থনা জানানো হবে। এজন্য তিনি দলীয় নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দেশের বাইরে যাওয়ার সময়ে অথবা নেত্রী দেশে ফিরে আসার সময়ে বিমান বন্দরে আমাদের নেত্রীর প্রতি সরকার অসম্মানজনক আচরণ করে আসছে। আমাদের জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রীদেরও ভিআইপি লাউঞ্জে প্রবেশ করতে দেওয়া হয়না। এটা নিন্দনীয়। তারপরও আমরা বিমান বন্দরের বাইরে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাব।" উপকুলীয় জেলাসমূহে চলমান ইউনিয়ন পরিষদের নির্বাচনে সরকার ব্যাপক কারচুপি করছে বলে অভিযোগ করেন তিনি বলেন, "এ বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। পরে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানাব।" মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, মশিউর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাব সভাপতি আ ন হ আখতার হুসেন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম চৌধুরী, তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দল সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্র দল সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৩৪৭ ঘ.