২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ শেষ

উৎসবমুখর পরিবেশে সুপ্রিম কোর্ট বার নির্বাচনের দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষ হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 02:27 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎসবমুখর পরিবেশে সুপ্রিম কোর্ট বার নির্বাচনের দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষ হলো। বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক মো. হারুনর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুই দিনে মোট ভোট পড়েছে ২ হাজার ৮৫টি। রাত ৮টার দিকে ভোট গণনা শুরু হবে। ফল ঘোষণা করতে রাত ২টা থেকে আড়াইটা বেজে যেতে পারে বলে জানান হারুনর রশিদ। এর আগে বুধবার সকাল ১১টা ১০ মিনিটে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত প্রথম দিনের ভোটগ্রহণ চলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল সাড়ে ৫টায়। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিল আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী ও সমিতির সাবেক সভাপতি আব্দুল বাসেত মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাধারণ আইনজীবীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, "এই নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাই ঐক্যবদ্ধ হয়েছে এবং আমরা একত্রে কাজ করেছি। তাই জয়ের ব্যাপারে আশাবাদী। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী ও সুপ্রিম কোর্ট বারের বর্তমান সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, "নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। সাধারণ আইনজীবীদের মধ্যে উৎসবের আমেজ ছিলো। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।" সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সমিতির এ নির্বাচনকে ঘিরে দেশের প্রধান দুই রাজনৈতিক দলসহ জাতীয় রাজনীতিতে সক্রিয় আইনজীবী নেতারা ছিলেন বেশ তৎপর। এ নির্বাচনে বিজয় নিশ্চিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের আইনজীবী নেতাদের সঙ্গে ইতোমধ্যে বৈঠকও করেছেন। নিজ নিজ দলের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে ফেলারও চেষ্টা করেন নেতারা। সমিতির সুপারিনটেনডেন্ট নিমেশ চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনে ১৪টি পদের বিপরীতে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ হাজার ৩১০ জন। গত ১ মার্চ এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে সরকার ও বিরোধী দল সমর্থিতদের পূর্ণাঙ্গ প্যানেলের পাশাপাশি ইন্ডিপেনডেন্ট লইয়ার্স ফোরাম থেকে পাঁচজন প্রার্থী ছিলেন। এছাড়া সভাপতি পদে জাকির হোসেন এবং সহ-সম্পাদক পদে এবিএম শফিকুল ইসলাম বিপ্লব স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সদস্য পদে আছেন একজন স্বতন্ত্র প্রার্থী। সুপ্রিম কোর্ট বারের বিগত নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল সভাপতি ও সম্পাদকসহ ৭টি পদে এবং আওয়ামী লীগ সমর্থিত প্যানেল একজন সহসভাপতি, কোষাধ্যক্ষসহ ৭টি পদে বিজয়ী হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/প্রতিনিধি/এইচএ/২০২৪ ঘ.