ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে 'স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র' বইটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বিতরণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার ধানমণ্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
মোট ২৬ হাজার ৮৩০টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় ১৬ হাজার ৬৬৬ সেট বই বিতরণ করা হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে মোট ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে বৃহস্পতিবার বই বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকি প্রতিষ্ঠানেও বই দেওয়া হয়।
এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ২ হাজার ৩১৮ সেট বিতরণ করেছে। শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে ৬৫২ সেট।
শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এ দলিলপত্র প্রকাশ করেছে হাক্কানী পাবলিশার্স। ১৫ খণ্ডের এই দলিলপত্রের প্রতি সেট বইয়ের দাম রাখা হয়েছে ১৫ হাজার টাকা।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, "এ দলিলপত্র বাঙালি জাতির পরিচয় পর্বের ইতিহাস। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজের দেশ ও আত্মপরিচয় খুঁজে পাবে। তাদের প্রকৃত ইতিহাসের তৃষ্ণা মেটাবে এ দলিলপত্র।"
মন্ত্রী বলেন, মার্চ মাস বাঙালি জাতির অভ্যুদয়ের জন্যে নানা দিক থেকে গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। তাই ইতিহাসভিত্তিক এ দলিলপত্র বিতরণের জন্য মার্চ মাসের শেষ দিনটিকেই বেছে নেওয়া হয়েছে।
বাঙালি জাতির ইতিহাসের পক্ষে দেশি-বিদেশি সব তথ্যই এতে সন্নিবেশিত হয়েছে বলেও জানান তিনি।
মাউশির মহাপরিচালক অধ্যাপক নোমানুর রশীদের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষা সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমইউএস/এএল/১৪৫৩ ঘ.
bdnews24