কুড়িগ্রাম, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে নামা পাহাড়ি ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের বেড়েছে। শুরু হয়েছে ভাঙন।
এতে কুড়িগ্রামের তিন উপজেলার ছয়টি ইউনিয়নের ৩০ গ্রামের প্রায় এক হাজার একর বোরো ফসল পানিতে তলিয়ে গেছে।
গত ৩ দিনে ব্রহ্মপুত্র ও সোনাভরি নদীর ভাঙনে রাজীবপুরের কোদালকাটি ইউনিয়নের ২ গ্রামের অন্তত ৪০টি পরিবার ভিটেমাটি হারিয়েছে।
ভাঙনের মুখে বুধবার একই এলাকার ১০টি পরিবার বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু তাহের জানান, পাহাড়ি ঢলে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্রহ্মপুত্রের চিলমারী পয়েন্টে ৫২ সেন্টিমিটার পানি বেড়েছে। বুধবার কমেছে ১১ সেন্টিমিটার।
পানি বাড়ার কারণে চিলমারী, উলিপুর ও রাজীবপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষা ও চর এলাকায় বোরো ফসল পানিতে তলিয়ে গেছে।
চিলমারীর নয়ারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশাদ আলী ও অষ্টমীর চরের চেয়ারম্যান সোহরাব হোসেন বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, এ দুই ইউনিয়নের গয়নার পটল, উত্তর খাউরিয়া, দক্ষিণ খাউরিয়া, খেরুয়া, নটারকান্দি, মুদাফৎ, দেবলকান্দি, খোর্দ্দ বাঁশপাতারি, খামার বাঁশপাতারি ও মাইজবাড়ী গ্রামের প্রায় ৩০০ একর ক্ষেত পানিতে ডুবেছে।
উলিপুরের বেগমগঞ্জের চেয়ারম্যান বাবলু মিয়া ও সাহেবের আলগার চেয়ারম্যান শাহজামান জানান, তাদের ইউনিয়নের পূর্ব বালাডোবা, বতুয়াতলী, ফকিরেরচর, উত্তর বালাডোবা, সুখেরচর, চর দুর্গাপুর, দৈখাওয়া, জাহাজের আলগা, মেকুরের আলগা ও চর বাগুয়া গ্রামের প্রায় ৩৫০ একর ক্ষেত পানিতে তলিয়ে গেছে।
রাজীবপুরের মোহনগঞ্জ ইউনিয়নের চড়াইহাটি, নয়ারহাট পশ্চিম মাষ্টারপাড়া ও সন্ন্যাসীর কান্দি গ্রামে প্রায় ২০০ একর ক্ষেত ডুবেছে বলে চেয়ারম্যান সাইফুল ইসলাম জানিয়েছেন।
কোদালকাটি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু জানান, ইউনিয়নের উওর কোদালকাটি, সাজাই, তের রশি, ডাটিয়াপাড়া, বড়বের, কীর্তনটারী ও নাওশালা গ্রামে প্রায় ১৫০ একর ক্ষেত পানিতে ডুবেছে।
তার ইউনিয়নে প্রায় দেড় কিলোমিটার এলাকায় ভাঙন চলছে। গত তিনদিনে ব্রহ্মপুত্রের ভাঙনে উত্তর কোদালকাটি গ্রামে ২৫টি পরিবার এবং সোনাভরির ভাঙনে সাজাই কারিগরপাড়ায় ১৫টি পরিবার ভিটেমাটি হারিয়েছে।
এছাড়া ১০টি পরিবার বাড়িঘর সরিয়ে নিয়ে কোদালকাটি বাজারের কাছে একটি চরে আশ্রয় নিয়েছে।
রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাহাড়ি ঢলে কিছু ক্ষেত পানিতে ডুবে গেছে। নদী ভাঙনে গৃহহারা ৪০টি পরিবারকে সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৯ ঘ.
bdnews24