২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: তদন্তে আরো ৪৫ দিন সময়

১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্ত করতে আরো ৪৫ দিন সময় পেলো সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 08:04 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

চট্টগ্রাম, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্ত করতে আরো ৪৫ দিন সময় পেলো সিআইডি। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মনিরুজ্জামান চৌধুরীর আবেদনে বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ একেএম শামসুল ইসলাম সময় বাড়িয়ে আগামী ১৫ মে প্রতিবেদন দেওয়ার দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পিপি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। অধিকতর তদন্তে একাদশ বার বাড়ানো সময় শেষ হওয়ার তিনদিন আগে গত রোববার পুনরায় ৬০ দিন সময় বাড়াতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মনিরুজ্জামান চৌধুরী। আবেদনের সঙ্গে ৪০৯ পৃষ্ঠার কেইস ডকেটও (সিডি) জমা দেন তিনি। মনিরুজ্জামান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপার। ১১ বার অধিকতর তদন্তের সময় বাড়ানোর আবেদনের প্রত্যেকটিতে ৯০ দিন করে সময় চেয়েছিলেন তিনি। গত ২৪ ফেব্র"য়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ কে এম শামসুল ইসলাম কেইস ডকেট (সিডি) জমা না দেওয়ায় আইওকে তিরস্কার করে ৩৫ দিন অধিকতর তদন্তের মেয়াদ বাড়িয়েছিলেন। ২০০৯ সালের ১৮ জানুয়ারি রাষ্ট্রপক্ষের আবেদনে আদালত অধিকতর তদন্তের জন্য মামলার আইও পরিবর্তনের নির্দেশ দেয়। ওইসময় মনিরুজ্জামান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়। তিনি দায়িত্ব নেওয়ার পর ১১ দফায় অধিকতর তদন্তের জন্য সময় নিয়েছেন। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৪০০ ঘ.