হবিগঞ্জ, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব বিরোধের জেরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দু'দলের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হন ৮০ জন।
সোমবার বিকালে পাথারিয়া গ্রামে এ সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড শটগানের গুলি ছুড়েছে। এসময় অন্তত ৩০টি বাড়িঘরে ভাংচুর চালানো হয়।
নিহত হয়েছেন ওই নয়া পাথারিয়া গ্রামের সিপাই মিয়া (৬০)।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জাহির মিয়া, আরব আলী, কাউছার, সিরাজ মিয়া ও মর্তুজ আলীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, পাথারিয়া গ্রামের আব্দুল আহাদ ও তারা মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
এর জেরে সোমবার দুপুরে একটি সালিশ বৈঠকে বসে দু'পক্ষ। এখানে কথা কাটাকাটির জেরে বিকাল সাড়ে ৪টার দিকে দু'পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় পৌনে ২ ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয়পক্ষ টেটা, ফিকল (বল্লম জাতীয় অস্ত্র) ও লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে।
সংঘর্ষ চলাকালে টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান নয়া পাথারিয়া গ্রামের সিপাই মিয়া মারা যান।
এরপর অন্তত ৩০টি বাড়িঘরে ভাংচুর চালানো হয়।
পরে বানিয়াচং ও হবিগঞ্জ সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জেরে একটি সালিশ বৈঠকে দু'পক্ষের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৯ ঘ.
bdnews24