গাইবান্ধা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সদর উপজেলায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে ৬ জনকে আটক করে গণধোলাই দিয়েছে জনতা।
পুলিশ এই ৬ জনকে উদ্ধার করতে এসে জনতার রোষানলে পরে। উভয় পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বালাআটা গোবিন্দপুর গ্রামে রোববার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
গ্রামের কৃষক রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার গভীর রাতে আমি জমিতে সেচ দিচ্ছিলাম। হঠাৎ দেখি একদল লোক ২৫০ কেভি ট্রান্সফরমার বিদ্যুতের খুঁটি থেকে খুলছে।"
সঙ্গে সঙ্গে ডাকাডাকি শুরু করলে এলাকার লোকজন ছুটে আসে। চোরেরা ট্রান্সফরমার না নামিয়েই দ্রুত নেমে ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে।
কিন্তু স্থানীয় জনতা পাশের লক্ষীপুর বাজারে ব্যারিকেড দিয়ে তাদের আটক করে ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
এসময় চোরদের গণধোলাই দেওয়া হয় বলে জানান রেজাউল।
সদর থানার পুলিশ চোরদের উদ্ধার করতে এসে জনতার রোষানলে পড়ে। এসময় পুলিশ ও জনতার মধ্যে ঘণ্টাখানেক ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
রেজাউল অভিযোগ করে বলেন, গত বছর দুবার ট্রান্সফরমার চুরি হয়। এছাড়া ১২ দিন আগেও একবার এই ট্রান্সফরমারটি চুরির চেষ্টা হয়। তখন গ্রামবাসী প্রতিরোধ করে।
এসব ঘটনা থানাকে জানালেও থানা পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় জনগণ ক্ষিপ্ত হয়ে পুলিশের দিকে তেড়ে যায় বলে রেজাউল জানান।
সদর থানার ওসি আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভুল বোঝাবুঝির কারণে এমনটা ঘটেছে।"
তিনি জানান, আহত চোরদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।
এই ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮২৪ ঘ.
bdnews24