২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'দুই মাসের মধ্যে পাটনীতি চূড়ান্ত হবে'

আগামী দুই মাসের মধ্যে পাটনীতি চুড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 11:49 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আগামী দুই মাসের মধ্যে পাটনীতি চুড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বাংলাদেশ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক খলীকুজ্জামান আহমেদের নেতৃত্বাধীন পাট কমিশন সোমবার সচিবালয়ে তাদের সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দেওয়ার সময় মন্ত্রী একথা বলেন। লতিফ সিদ্দিকী বলেন, "প্রতিবেদনের সুপারিশের আলোকে আমরা এক মাসের মধ্যে পাটনীতির খসড়া প্রস্তুত করতে পারবো। এরপর মন্ত্রিসভায় পাশ হতে আরো একমাস লাগবে।" পাট শিল্পের বিভিন্ন অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, "বর্তমানে পাটের রপ্তানি বেড়েছে। এছাড়া দেশে পাটপণ্যের উৎপাদনও বেড়েছে। আমরা বন্ধ থাকা মিলগুলো চালুর উদ্যোগ নিচ্ছি।" সরকারের মালিকানাধীন ১৭টি পাটকল বর্তমানে চালু রয়েছে। বন্ধ থাকা চারটি পাটকল চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। পাটমন্ত্রী বলেন, "এর আগে সরকারি পাটকলগুলোতে সরকার বছরে ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা লোকসান দিয়েছে। বর্তমানে এ লোকসান কমে ২০ কোটি টাকায় দাড়িয়েছে। আশা করছি আগামী জুনের মধ্যে পাটকলগুলো ব্রেক ইভেনে চলে আসবে।" তিনি আরো বলেন, "সরকারি পাটকলগুলো অনেক দিনের পুরনো। এসব কারখানা সংস্কার করার লক্ষ্যে ভারতের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার উদ্যোগ নিয়েছে সরকার।" পাট কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭০ এর দশকে মোট রপ্তানি আয়ের ৭৫ থেকে ৮০ শতাংশ কাঁচাপাট ও পাটজাত দ্রব্যাদি থেকে আসতো। বর্তমানে তা কমে তিন থেকে ৪ শতাংশে চলে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে দেশে কাঁচাপাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৪ লাখ ৩৮ হাজার বেল। ১৯৭৯-৮০ সালে উৎপাদন হতো ৬০ থেকে ৬৫ লাখ বেল। এরপর ১৯৮৮-৯০ সালে উৎপাদন কমে দাঁড়ায় ৪৪ থেকে ৪৭ লাখ বেল। বর্তমানে কাঁচাপাটের ৪০ শতাংশ রপ্তানি ও ৬০ শতাংশ দেশের অভ্যন্তরে ব্যবহার হচ্ছে জানিয়ে প্রতিবেদনে সুপারিশ করে বলা হয়, বর্তমানে প্রতি হেক্টর জমিতে গড়ে পাট উৎপাদন হয় এক দশমিক ৮৬ টন। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ পরমাণু কৃষি ইনস্টিটিউট যে উন্নতমানের পাট বীজ আবিস্কার করেছে তা পাট চাষীদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করলে হেক্টর প্রতি তিন টন উৎপাদন হতে পারে। প্রতিবেদনে বিভিন্ন সুপারিশের মধ্যে রয়েছে, উন্নত বীজ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য চাষীদের প্রশিক্ষণ দেওয়া, রিবনার পদ্ধতি ব্যবহারে চাষীদের উদ্বুদ্ধ করা ও সঠিকভাবে ব্যবহার পদ্ধতি আয়ত্ব করানো, পাট পচানোর জন্য ডোবা খননের দিকে নজর দেওয়া, চাষীদের জন্য সাময়িক ঋণের ব্যবস্থা করা ও পাট ধরে রাখতে গ্রাম পর্যায়ে গুদাম সৃষ্টি করা। সুপারিশের মধ্যে রয়েছে, আগে থেকেই ন্যূনতম মূল্য নির্ধারণ করা, নির্ধারিত মূল্য যেন কৃষকরা পায় সেদিকে নজর রাখা, পাটকলগুলোর নিজস্ব কেন্দ্রের মাধ্যমে চাষীদের কাছ থেকে পাট কেনা। পাট রপ্তানি বাড়ানোর জন্য বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে কাজে লাগানো, পাটকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে ঘোষণা দিয়ে সুযোগ সুবিধা বাড়ানো, উন্নত পণ্য তৈরি করতে পাটশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া, সরকারি পাটকলগুলোর উৎপাদন ক্ষমতা বাড়ানো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেএমএস/১৭৪৯ ঘ.