ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংক থেকে ড. মুহাম্মদ ইউনূসের অব্যাহতির কারণে আমেরিকা-বাংলাদেশ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে না বলে মনে করেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস।
মিজারুল রোববার বলেন, দুদেশের সম্পর্ক অংশিদারিত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তিত্বের অবস্থানের ওপর নয়।
"ঢাকা-ওয়াশিংটন অংশিদারিত্বের সম্পর্ক মূল্যবোধ, প্রাতিষ্ঠনিক যোগাযোগ ও বিভিন্ন বৈশ্বিক বিষয়ে বাংলাদেশের দায়িত্বশীলতার ওপর নির্ভরশীল। কোনো ব্যক্তিত্বের অবস্থানের কারণে এতে কোনো প্রভাব পড়তে পারে না।"
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিবিয়া থেকে বাংলাদেশিদের ফেরার বিষয়টি সাংবাদিকদের জানাচ্ছিলেন পররাষ্ট্র সচিব। এ সময় এক সাংবাদিক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্লেকের মন্তব্য উদ্ধৃত করে এ বিষয়ে জানতে চাইলে এ কথা বলেন মিজারুল কায়েস।
বাংলাদেশ সফরে এসে গত ২২ মার্চ যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্লেক বলেন, ড. মুহাম্মদ ইউনূসের অব্যাহতি ইস্যুতে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে প্রভাব পড়বে।
"সুশীল সমাজকে উপেক্ষা করে [ইউনূসের অব্যাহতি বিষয়ে] যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে [দুই দেশের] সম্পর্কের ওপর প্রভাব পড়বে।"
মিজারুল কায়েস বলেন,তার [রবার্ট ও. ব্লেক] মন্তব্য প্রসঙ্গে আমি কিছু বলবো না। [আপনারা] মন্তব্য বিষয়ে তাকে বিস্তারিত বলার অনুরোধ করতে পারতেন।
বেশি বয়সের কারণ দেখিয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ড. ইউনূসকে অব্যাহতি দিয়ে গত ২ মার্চ আদেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
অব্যাহতি আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ড. ইউনূস হাইকোর্টে একটি রিট আবেদন করেন ৩ মার্চ। একইদিন গ্রামীণ ব্যাংকের ১২ পরিচালকের নয়জনও ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেন।
রিট দুটি খারিজ হওয়ার পর ওই রায়ে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে গত ৯ মার্চ আবেদন করেন ইউনূস। আদেশ স্থগিত না করে গত ১৫ মার্চ ওই আপিলের শুনানি দু সপ্তাহের জন্য মুলতবি করে আপিল বিভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/পিডি/২১২৪ ঘ.
bdnews24