সুনামগঞ্জ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাঁধ ভেঙে গললগলিয়া ও মৃত্য ডুবা হাওরের এক হাজার একর জমির বোরো ফসল তলিয়ে গেছে।
রোববার দুপুর আড়াইটার দিকে এই দুটি হাওরের বাঁধ ভেঙে জমিতে পানি ঢোকে।
উত্তর শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, গত কয়েকদিনের পাহাড়ি ঢলে এ দু'টি হাওরের ফসল ঝুঁকির মধ্যে ছিল।
শনিবার রাত থেকেই হাওর দু'টির বাঁধ ধসে যেতে শুরু করে। রোববার দুপুরের মধ্যে পুরোপুরি ভেঙে যায়।
মৃত্য ডুবা হাওরের কৃষক উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিআতা গ্রামের বাসিন্দা আবদুল হক বলেন, "কৃষকরা স্বেচ্ছাশ্রমে কাজ করেও বাঁধটিকে রক্ষা করতে পারেনি। হাওরের বাঁধ সময়মত সঠিকভাবে মেরামত করলে এই ফসল ডুবি হতো না।"
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গলগলিয়া ও মৃত্য ডুবা হাওরের বোরো ফসল তলিয়ে যাওয়ায় কৃষকরা এখন দিশেহারা।
তিনি সরকারের কাছে এলাকার জন্য জরুরি সহায়তা চান।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শৈলেন চন্দ্র পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাওর দু'টি পাউবো'র অধীনে নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪১ ঘ.
bdnews24