চট্টগ্রাম, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তের মেয়াদ বাড়াতে আবার আবেদন করছে সিআইডি। এ নিয়ে ১২ বার এরকম আবেদন করা হচ্ছে।
এবার ৬০ দিন সময় বাড়ানোর আবেদন করা হবে।
অধিকতর তদন্তে ১১তম বার বাড়ানো সময় শেষ হওয়ার তিনদিন আগে রোববার এ আবেদন রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পিপি কামাল উদ্দিনের কাছে জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মনিরুজ্জামান চৌধুরী।
আবেদনের সঙ্গে ৪০৯ পৃষ্ঠার কেইস ডকেটও (সিডি) জমা দেন তিনি। মনিরুজ্জামান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপার।
১১ বার অধিকতর তদন্তের সময় বাড়ানোর আবেদনের প্রত্যেকটিতে ৯০ দিন করে সময় চেয়েছিলেন তিনি।
মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুত্বপূর্ণ কয়েকজন সাক্ষীকে জিজ্ঞাসাবাদসহ আরো কয়েকটি বিষয় নিষ্পত্তির জন্য ৬০ দিনের সময়ের আবেদন করেছি।
"এছাড়া সংরক্ষিত জেটিঘাটে অস্ত্র খালাসের সময়ে দায়িত্বপালনকারী তিন আনসার সদস্যকেও জিজ্ঞাসাবাদ করা দরকার।"
আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পিপি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার আদালতে তা জমা দেওয়া হবে। এরপর আদালত শুনানির দিন নির্ধারণ করবে।
গত ২৪ ফেব্র"য়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ কে এম শামসুল ইসলাম কেইস ডকেট (সিডি) জমা না দেওয়ায় আইওকে তিরস্কার করে ৩৫ দিন অধিকতর তদন্তের মেয়াদ বাড়িয়েছিলেন।
৩০ মার্চ অধিকতর তদন্তের মেয়াদ শেষ হচ্ছে।
২০০৯ সালের ১৮ জানুয়ারি রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত অধিকতর তদন্তের জন্য মামলার আইও পরিবর্তনের নির্দেশ দেয়। ওইসময় মনিরুজ্জামান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়। তিনি দায়িত্ব নেওয়ার পর ১১ দফায় অধিকতর তদন্তের জন্য সময় নিয়েছেন।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/পিডি/১৮০৩ ঘ.
bdnews24