২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নব্যধনীদের অর্থের উৎস বের করতে হবে'

রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া ব্যক্তিদের অর্থের উৎস খুঁজে বের করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 11:25 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকম)- রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া ব্যক্তিদের অর্থের উৎস খুঁজে বের করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগের কমিশনারদের সঙ্গে এক সভায় প্রধানমন্ত্রী এ তাগিদ দেন। সভা শেষে শেখ হাসিনাকে উদ্ধৃত করে সাংবাদিকদের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরেন তার প্রেস সচিব আবুল কালাম আজাদ। প্রেস সচিব বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, অনেকেই রাতারাতি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। এই টাকার উৎস কি তা জানতে হবে। কে কতো দামি গাড়ি, বাড়ি কিনছে, বিলাসবহুল জীবনযাপন করছে- তাদের এই বিলাসবহুল জীবন-যাপনের পেছনে অর্থের উৎস খুঁজে বের করতে হবে।" দেশের উন্নয়নের স্বার্থে ও পরনির্ভরশীলতা কাটাতে জনগণকে কর দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্যে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণকে বোঝাতে হবে যে, কর না দিলে কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয়। অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, এনবিআরের চেয়ারম্যান মো. নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা সভায় এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কর মওকুফ করার মানসিকতা অবশ্যই ত্যাগ করতে হবে। কর আদায় কীভাবে বাড়ানো যায় তার পথও খুঁজে বের করতে হবে। রাজস্ব সংক্রান্ত হাজার হাজার মামলা পড়ে থাকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। কারণ এসব মামলার নিষ্পত্তি হলে সরকার বড় অংকের রাজস্ব পাবে। রাজস্ব আদায়ের ক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানের ওপরও গুরুত্ব দেন তিনি। শেখ হাসিনা বলেন, দেশে অনেক মানুষ আছেন, যারা সঠিক তথ্য না জানার কারণে কর দিতে চান না। জনগণকে কর দেওয়ার সুফল সম্পর্কে বোঝানোর জন্যে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/জেকে/১৭১৭ ঘ.