২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী ও ঝিনাইদহে দুর্ঘটনায় নিহত ২

সড়ক দুর্ঘটনায় শনিবার নোয়াখালী ও ঝিনাইদহে দু'জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 06:08 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় শনিবার নোয়াখালী ও ঝিনাইদহে দু'জনের মৃত্যু হয়েছে। নোয়াখালীতে বিক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালী-লাকসাম সড়ক একঘণ্টা অবরোধ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নোয়াখালী প্রতিনিধি জানান, সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট নুতন বাজার এলাকায় বিকাল ৫টার দিকে কুমিল্লা থেকে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাযাত্রী সোনাইমুড়ির করা গ্রামের আলমগীর হোসেন (১৩) ঘটনাস্থলে মারা যান। আহত হন আলমগীরের মা নুরজাহান বেগম (৩৫) ও রিকশাচালক আবদুর রহমান (৪০)। তাদের সোনাইমুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর স্থানীয় লোকজন নোয়াখালী-লাকসাম সড়ক অবরোধ করলে যানজট সৃষ্টি হয়। সোনাইমুড়ি থানার ওসি হুমায়ুন কবির বলেন, পুলিশ লোকজনকে বোঝানোর পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। আলমগীরের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি জানান, সন্ধ্যায় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের আহসান নগরে বাস, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন মোটরসাইকেল আরোহী বিএম শাহী সাজ্জাদ ( ১৮ )। আহত হন ৭ জন। পুলিশ জানিয়েছে, নিহত সাজ্জাদ ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্র। তিনি শৈলকুপা উপজেলোর শ্রীরামপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। ভাটই পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বুলবুল আহমেদ জানান, ঝড়ে একটি ইপিল ইপিল গাছ ভেঙে রাস্তার উপর পড়ে। গাছটি পাড় হওয়ার সময় ঝিনাইদহগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটিও বাস ট্রাকের সংঘর্ষের মধ্যে পড়ে যায়। মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়লে অন্তত ৭ জন যাত্রী আহত হন। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ট্রাকটি পালিয়ে গেছে। বাসটি আটক করেছে পুলিশ। তবে বাসের চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.