২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২ লাশ উদ্ধার, হবিগঞ্জে একজন খুন

চট্টগ্রাম নগরী থেকে শনিবার মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। একইদিন হবিগঞ্জে একজন খুন হয়েছে প্রতিপক্ষের হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 02:23 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরী থেকে শনিবার মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। একইদিন হবিগঞ্জে একজন খুন হয়েছে প্রতিপক্ষের হাতে। ঘটনায় জড়িত সন্দেহে চট্টগ্রামে দু'জন এবং হবিগঞ্জে ১৩ জনকে আটক করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রাম: নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া থেকে বিকাল সাড়ে ৪টার দিকে উদ্ধার করা হয় রহিমা বেগম সুমি (২২) ও তার সাড়ে পাঁচ মাস বয়সের ছেলৈ হৃদয়ের লাশ। এ ঘটনায় নিহত সুমির স্বামী সিএনজি অটোরিকশা চালক আবদুল বারেক (২৬) ও তার প্রথম স্ত্রী লাকী বেগমকে আটক করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক বারেক পুলিশকে জানিয়েছে- পারিবারিক বিরোধের জের ধরে তার দ্বিতীয় স্ত্রী সুমি ছেলে হৃদয়কে হত্যার পর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে বারেকের আচরণ 'সন্দেহজনক' দাবি করে এসি বলেন, "প্রাথমিক তদন্তের পর আমরা মোটামুটি নিশ্চিত এটি আত্মহত্যা নয়। সুমির লাশ ঘরের সিলিং ফ্যানে ঝোলানো ছিল। গলায় পেঁচানো কাপড় কেটে লাশ নামানোর পর বারেক পুলিশকে খবর দেয়।" তিনি জানান, হৃদয়ের শরীরের পিছনের অংশ ও মাথায় এবং সুমির চোখের উপর আঘাতের চিহ্ন রয়েছে। ঘরের মেঝেতে রক্তের দাগ পাওয়া গেছে বলেও তিনি জানান। শুক্রবার গভীর রাতে অথবা শনিবার সকালে যেকোনো সময়ে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। লাকি প্রাথমিক জিজ্ঞাসবাদে পুলিশকে জানিয়েছেন, সুমি আত্মহত্যা করেছেন। বাসায় থাকলেও তিনি কিছুই টের পাননি। হবিগঞ্জ : জমি নিয়ে বিরোধের জেরে শনিবার বিকালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুরে খুন হয়েছেন দেওয়ান খাঁ নামে এক ব্যক্তি। বানিয়াচং থানার ওসি জালাল উদ্দিন সাংবাদিকদের বলেন, মুরাদপুর বাজারের পাশে একটি জমি নিয়ে দেওয়ান খাঁর সঙ্গে ঝাংগু মিয়ার পরিবারের বিরোধ ছিলো। বিকাল ৩টার দিকে উপজেলা ভূমি অফিসের লোকজন জমি মেপে সীমানা নির্ধারণ করতে গেলে দু'পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ কিরিচ দিয়ে দেওয়ানের পিঠে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ওসি জানান। তিনি বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এমসি/এলএন/সিএস/ডিডি/২০২০ ঘ.