সাভার, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার এক শ্রমিক খুন হয়েছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে পলাশবাড়ী এলাকার পশ্চিমপাড়া মহল্লা থেকে লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত মনোয়ারা বেগম (২৬) জামগড়ার 'নুরজাহান গামের্ন্ট'র অপারেটর ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পারিবারিক কহলের জের ধরে মনোয়ারাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।"
মনোয়ারার স্বামী বিল্লাল হোসেন পলাতক রয়েছেন বলে জানান এসআই।
তিনি জানান, এ ব্যাপারে থানায় হত্যা মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭১৪ ঘ.
bdnews24