ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে বুদ্ধিজীবী চত্বরে মশাল জ্বালিয়ে ২৫ মার্চ কালরাত স্মরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সাংস্কৃতিক সংগঠন মননের উদ্যোগে আয়োজন করা হয় এ কর্মসূচি।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী প্রথমেই হামলা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেদিনের হামলায় নিহত হন অনেকে।
কালরাত স্মরণে কর্মসূচির অংশ হিসেবে চলে আলোচনা সভা, স্থিরচিত্র প্রদর্শনী, কালরাত্রির পাঠ, কবিতা আবৃত্তি, গান, স্মৃতিচারণ ও চলচ্চিত্র প্রদর্শনী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ড. রফিক উল্লাহ খান, অধ্যাপক জোনায়েদ হালিম, শামীম রেজা, মুক্তিযোদ্ধা মো. সিদ্দিক মোল্লা।
স্মৃতিচারণ করেন খন্দকার আফসার উদ্দিন এবং খুররম মোমতাজ। একাত্তরের ওই দিনে তারা দুজন বিশ্ববিদ্যালয় এলাকায় ছিলেন।
অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র 'সেই রাতের কথা বলতে এসেছি' এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'আগুনের পরশমনি' ও 'স্টপ জেনোসাইড' প্রদর্শন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/এমআই/১১২৫ ঘ.
bdnews24